জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক বৈঠক শেষে জোটের লিঁয়াজো কমিটির সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং সংস্কারের বদলে কেবল সংবিধানের সংশোধনী এনে মূল দাবিগুলোকে ধামাচাপা দিতে চাইছে। তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডকে 'ফ্যাসিবাদী' হিসেবে অভিহিত করে জানান, রাজপথের আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। আগামী ৭ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।