পুলিশের বর্তমান পোশাকে অসন্তুষ্টি: নতুন পোশাকের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস এএসপি ব্যাচের কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশে অসন্তুষ্টি রয়েছে এবং সরকার একটি গ্রহণযোগ্য নতুন পোশাক ও কাঠামোগত সংস্কারের পরিকল্পনা করছে।
আজ ২৮ মার্চ শনিবার সকালে সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, বর্তমানে ব্যবহৃত পোশাক নিয়ে বাহিনীর সব স্তরের সদস্যদের মধ্যে এক ধরণের অসন্তুষ্টি রয়েছে এবং তারা একটি ঐতিহ্যসম্মত ও গ্রহণযোগ্য নতুন পোশাকের প্রত্যাশা করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই অভাব অনুভব করেছেন। পুলিশ সদস্যদের এই আবেদন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নতুন পোশাক প্রবর্তনের বিষয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বর্তমান সরকারকে পুলিশ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ এবং জনবান্ধব করে তোলার লক্ষ্যে কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জনবল বৃদ্ধি ও প্রশিক্ষণের মানোন্নয়নের পাশাপাশি একটি শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিস এএসপি আহমেদ সাদমান সাকিব। দীর্ঘ প্রশিক্ষণ শেষে কৃতিত্বের জন্য বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক পুরস্কার পান মো. ফাহিম ফয়সাল। এছাড়া ফিল্ড অ্যাক্টিভিটিজে মো. আরাফাত হোসেন, হর্সম্যানশিপে শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হিসেবে বাপী কুমার দাশ পুরস্কৃত হন। অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু ও আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।