|
৩১°সে.

১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জের পথে এনসিপি নেতারা, পদযাত্রায় হামলার পর উত্তপ্ত পরিস্থিতি!

প্রকাশ: 29 Jul, 2026 | 10:19 AM
১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জের পথে এনসিপি নেতারা, পদযাত্রায় হামলার পর উত্তপ্ত পরিস্থিতি!

হবিগঞ্জে এনসিপির (ন্যাশনাল সিটিজেন্স পার্টি) ‘জুলাই পদযাত্রা’ চলাকালে হামলার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই হামলার প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে ১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ হামলায় এনসিপি নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ ত্যাগ করলেও এই হামলার প্রতিবাদে বুধবার একই স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি।

পরবর্তীতে একই স্থানে বিএনপি ও ছাত্রদল পাল্টা কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

এনসিপি সূত্রে জানানো হয়েছে, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ জ্যেষ্ঠ নেতারা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাবেন। এর আগে থেকেই সেখানে নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম অবস্থান করছেন। জেলাটিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।