ইনগ্রিড বার্গম্যান ও টিল্ডা সুইন্টনের ভাবনায় জয়া আহসান! 'হিউজ অব লংগিং' স্থান পেল লন্ডনে
বিশ্ব চলচ্চিত্রের মহাতারকা ইনগ্রিড বার্গম্যান, সোফিয়া লরেন কিংবা টিল্ডা সুইন্টনের পর এবার একই কালজয়ী চরিত্র-ভাবনায় নিজেকে যুক্ত করলেন প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান। ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতো-র বিশ্বখ্যাত ট্র্যাজিক নাটক ‘দ্য হিউম্যান ভয়েস’-এর আবেগময় জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত কাব্যিক ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ (Hues of Longing)-এ অভিনয় করেছেন তিনি। নতুন খবর হলো, ব্যতিক্রমী আবহ ও গভীর অভিনয়ের এই ছবিটি আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ ‘১৩তম লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল (LFFF) ২০২৬’-এ। আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট এন্ড’-এ চলচ্চিত্রটির বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
মুম্বাইয়ের জাতীয় পুরস্কার বিজয়ী প্রযোজনা সংস্থা ‘ইয়ানুস ফিল্মস’-এর ব্যানারে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুদ্ধাজিৎ বাগচী। “অপেক্ষার ভেতরেই ভালোবাসা তার আসল রূপ খুঁজে পায়” এই ভাবনাকে ভিত্তি করে তৈরি সিনেমাটিতে ভালোবাসা, বিরহ, স্মৃতি এবং নীরবতার এক অন্তর্মুখী কাব্যিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে। জয়া আহসানের সংযত এবং স্পর্শকাতর অভিনয়ে ফুটে উঠেছে এক নিঃসঙ্গ নারীর অনুভূতির আখ্যান, যেখানে ফ্যাশন, স্থাপত্য ও সংগীত এক সুতোয় গাঁথা পড়েছে।
লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল গত এক দশকেরও বেশি সময় ধরে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাজের সঙ্গে গুচি, ডিওর, প্রাদা, ভ্যালেন্টিনো কিংবা টম ফোর্ডের মতো আন্তর্জাতিক লাক্সারি ব্র্যান্ডের সিনে-আর্ট প্রদর্শন করে আসছে। এমন এক আন্তর্জাতিক সম্মানজনক মঞ্চে জয়া আহসানের ‘হিউজ অব লংগিং’-এর প্রবেশ বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এক দারুণ গৌরবের খবর।