রাজধানীতে নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির ‘এহসার’ সদস্য গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন নব্য জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (নব্য জেএমবি) একজন এহসার (পূর্ণকালীন) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার আহসান জাহির খান (৫০) নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম পাশ থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন নব্য জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (নব্য জেএমবি) একজন এহসার (পূর্ণকালীন) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আহসান জাহির খান (৫০) নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম পাশ থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আহসান তার পলাতক সহযোগীদের সঙ্গে নতুন জেএমবির আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করতে ওই স্থানে জড়ো হয়েছিল।'
'গ্রুপটি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিন্ন ভিন্ন ছদ্মনামে গ্রুপ চ্যাট, ব্যক্তিগত চ্যাট ও চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতো। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে তারা চরমপন্থী লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।'
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আহসান জাহির খানের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা রয়েছে।
পরে তাকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা আরেকটি মামলায় ঢাকার একটি আদালতে হাজির করা হয়।