দেশে ৪৭ শিশুর মৃত্যুতে হামের প্রকোপ: তদন্ত ও স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
৪৭ শিশুর প্রাণহানির ঘটনায় স্বাস্থ্য খাতের ব্যর্থতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে হাইকোর্টে রিট করা হয়েছে। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ এবং দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচি চালুর দাবি জানানো হয়েছে রিটে।
দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি করা হয়। রিটে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা এবং প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহে ঘাটতি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার এবং পর্যাপ্ত আইসিইউ ও বিশেষায়িত চিকিৎসা ইউনিট স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে। আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।