লেভেল প্লেয়িং ফিল্ডের পরামর্শ ও অভিযোগ নিয়ে ইসিতে বাংলাদেশ খেলাফত মজলিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।দলটি বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পাশাপাশি নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমে সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে—সেই পরিবেশ তৈরি করতে হবে।রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ইউসুফ আশরাফ।এর আগে দলটির ৬ সদস্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
দলটি বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পাশাপাশি নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমে সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে—সেই পরিবেশ তৈরি করতে হবে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ইউসুফ আশরাফ।
এর আগে দলটির ৬ সদস্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ইউসুফ আশরাফ বলেন, 'সিইসির সঙ্গে দেখা করে আগামী নির্বাচন সুষ্ঠু করা ও লেভেল প্লেয়িং ফিল্ড যাতে তৈরি করা যায়, সে বিষয়ে কিছু পরামর্শ ও অভিযোগ দিয়েছি।'
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা রয়েছে কিনা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা দেখেছি যে, কোনো কোনো দলের দলীয় প্রধান, তাদের দলের বক্তব্য যা আসছে, সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে বোঝা যায়, লেভেল প্লেয়িং ফিল্ড এখন নেই।'
তিনি আরও বলেন, 'সিইসি যে কথা বলেছেন সেগুলো যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমরা সন্তুষ্ট। যদি বাস্তবায়ন করতে না পারেন, অসন্তুষ্টির কিছু নেই।'
তার অভিযোগ, 'যেমন: গতকাল এক দলীয় প্রধান একটি বস্তিতে গিয়ে বলেছেন, ফ্ল্যাট দেওয়া হবে। এটাতো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তফসিল ঘোষণার পর এরকম ঘোষণা কেউ দিতে পারে না।'
তিনি বলেন, 'গত তিন নির্বাচনে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে—এ নিয়ে দেশের মানুষ খুব আশাবাদী এবং দল-মত নির্বিশেষে সবাই তার ভোট পছন্দের প্রার্থীকে দেবেন—এই পরিবেশ যেন তৈরি করা হয়, সে বিষয়ে আমরা সিইসিকে অনুরোধ করেছি।'
নেত্রকোণা-১ আসনের কমলাকান্দা উপজেলার ইউএনও নিরপেক্ষভাবে কাজ করছিলেন উল্লেখ করে তিনি বলেন, 'একটি দলের প্রার্থী তদবির করে তাকে দুই দিন আগে প্রত্যাহার করতে বলেন। আমরা সেই কর্মকর্তাকে পুনরায় বহাল করতে বলেছি।'
তিনি আরও বলেন, 'ফরিদপুর-২ এ বিএনপির প্রার্থী ও তার লোকজন আমাদের প্রার্থীকে হুমকি-ধামকি দিচ্ছেন, প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমরা সিইসিকে বলেছি এটা তদন্ত করতে।'
বাংলাদেশ খেলাফত মজলিস থেকে এবারের নির্বাচনে ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান ইউসুফ আশরাফ।
সিইসির সঙ্গে বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলে ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমেদ, প্রচার ও মিডিয়া সমন্বয়ক ফয়সাল আহমেদ, দলের নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্যসচিব মাওলানা হাসান জোনায়েদ।